প্রকাশিত: October 8, 2026
কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের চারদিন পর জান্নাতুল তাসনিম (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে ফসলি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানায়, গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল জান্নাতুল তাসনিম। তবে তার বাবা আবদুল হালিমের দাবি, নিখোঁজ হওয়ার পরও গত বুধবার রাতে মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল তার। সে সময় তাসনিম জানিয়েছিল, সে তার এক বান্ধবীর বাসায় রয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি জানতে পারেন, তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লালমাই থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফসলি জমি থেকে ওই কিশোরীল মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।