সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়ের আশঙ্কা

প্রকাশিত: October 9, 2026

  • শেয়ার করুন

বিদায়ের পথে শরৎ ঋতু। তবে এখনো দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে কুষ্টিয়ার কুমারখালী ও সাতক্ষীরায় ৫৮ মিলিমিটার ছাড়াও রাজশাহীতে ৪৫, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৩, নীলফামারীর রাজারহাট ও মানিকগঞ্জের আরিচায় ২৬, রংপুরে ২৫ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • শেয়ার করুন