মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না: এসলামি

প্রকাশিত: October 11, 2026

  • শেয়ার করুন
  1. বহিরাগত হুমকি, রাজনৈতিক চাপ কিংবা সামরিক হামলা চালিয়েও ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।

 

 

 

ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতিকে দেশটির বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় অর্জিত জাতীয় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদেশি শক্তিগুলোর অতিরিক্ত দাবিও প্রত্যাখ্যান করেন এসলামি।

 

 

 

 

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সমালোচনা করেন তিনি। এসলামির দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে ওয়াশিংটন দেশটির প্রযুক্তিগত অগ্রগতি ঠেকাতে নিজেদের অক্ষমতাই প্রকাশ করছে।

 

 

এসলামি বলেন, ‘জাতিসংঘের মঞ্চ থেকেই ইরানের পারমাণবিক স্থাপনায় কৌশলগত অস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রকাশ্য হুমকি এবং ইরানের প্রাচীন সভ্যতা ধ্বংসের কথা তাদের অসহায়ত্বই প্রকাশ করে। বিজ্ঞান, জ্ঞান ও প্রযুক্তির ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত একটি অগ্রসর জাতির মুখোমুখি হয়েই তারা এমন অবস্থান নিয়ে

 

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হতে পারে বলে এর আগে একাধিকবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে মতবিরোধের মধ্যেই এসলামির এ বক্তব্য সামনে এলো।

 

 

তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দেশটির নিজস্ব বিজ্ঞানী ও গবেষকদের বহু বছরের শ্রমের ফল। বাইরের চাপ প্রয়োগ করে এ সক্ষমতা নির্মূল করা সম্ভব নয়।

 

 

এসলামি আরও বলেন, ‘পারমাণবিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন তরুণ ইরানি গবেষক ও বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও ত্যাগের ফল। এটি একটি দেশীয় ও জাতীয় অর্জন, যা কখনোই হুমকি, চাপ কিংবা নির্বিচার হামলায় থামানো যাবে না।’

 

 

বিদেশি শক্তিগুলোর অতিরিক্ত দাবির কাছে ইরান মাথা নত করবে না বলেও জানান তিনি।

 

 

তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

 

 

এসলামির বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, ইরান তার পারমাণবিক সক্ষমতাকে দীর্ঘমেয়াদি জাতীয় অর্জন হিসেবে দেখে এবং হুমকি বা সামরিক পদক্ষেপের মাধ্যমে তা ভেঙে ফেলা যাবে না বলে মনে করে।

  • শেয়ার করুন