আশুলিয়া থেকে অপহরণের ৩৫ দিন পর ২ বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধার

প্রকাশিত: October 13, 2026

  • শেয়ার করুন

আশুলিয়া থেকে অপহৃত দুই বছর বয়সী শিশু মীম আক্তারকে টাঙ্গাইলের ঘাটাইল থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছা. বেলী বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার খালপাকুটিয়া দেওলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করে।

এসআরবি জানায়, গত ৮ সেপ্টেম্বর আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হয় শিশু মীম। শিশুটির মা গার্মেন্টসে কাজ করায় গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। তার দায়িত্ব ছিল শিশুটির দেখাশোনা করা।

গত ৮ সেপ্টেম্বর রাতে শিশুটির মা কারখানা থেকে বাসায় ফিরে দেখেন তার সন্তান ও গৃহকর্মী বেলী বেগম কেউই বাসায় নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে তিনি আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর এসআরবি সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আসামির পুরোনো ডিভোর্স লেটার নোটিশের সূত্র ধরে এবং পরবর্তী সময়ে তার তৃতীয় স্বামীর বর্তমান ঠিকানা শনাক্ত করে ঘাটাইলে অভিযান চালানো হয়।

অভিযানে অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • শেয়ার করুন