প্রকাশিত: October 14, 2026
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অফিসের স্টোররুমে রাখা দুটি মোটরসাইকেল ও নথিপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের ওই শাখা অফিসের একটি নির্দিষ্ট কক্ষে দুটি মোটরসাইকেল এবং পুরোনো নথিপত্র রাখা ছিল। ভোরে আগুন লাগার পর বিকট শব্দ পেয়ে নৈশপ্রহরী বিষয়টি টের পান এবং দ্রুত ব্যাংকের কর্মীদের খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই কক্ষের একটি জানালা ভাঙা দেখতে পায়। এছাড়া অফিসের বাইরে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি খালি প্লাস্টিক ও কাচের বোতল উদ্ধার করে তা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া বোতলগুলোর সঙ্গে অগ্নিকাণ্ডের সরাসরি কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়ে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুর আহমেদ জানান, আগুনে স্টোররুমে থাকা দুটি পুরোনো মোটরসাইকেল, কিছু নথিপত্র ও পুরোনো কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, প্রাথমিকভাবে অফিসের একটি কক্ষের জানালা ভাঙা এবং সেখানে পোড়া কাগজপত্র ও দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। ঘটনার সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হলেও আগুন লাগার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।