হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: October 15, 2026

  • শেয়ার করুন

মানিকগঞ্জের হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে একটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন নিখোঁজ হয়েছে। গত ৩ অক্টোবর অস্ত্র ও গোলাবারুদের হিসাব যাচাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম দায়িত্ব নেওয়ার পর অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিনের হদিস পাননি। দায়িত্ব হস্তান্তরের সময় থানায় ১০টি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ১০০ রাউন্ড গুলি থাকার হিসাব দেওয়া হয়েছিল।
সূত্রের দাবি, গত জুনে ভিআইপি ডিউটির জন্য এএসআই আবুল বাশার পিস্তলটি নিয়ে টাঙ্গাইলে যান। পরে তিনি এসআই জয়নাল আবেদীনের কাছে অস্ত্রটি বুঝিয়ে দেন। ডিউটি শেষে জয়নাল আবেদীন পিস্তলটি কনস্টেবল হারুন অর রশীদের কাছে দেন। পরে হারুন সেটি হরিরামপুর থানার অস্ত্রাগারে জমা দেন বলে জানা গেছে।
অস্ত্র ইস্যু ও জমাসংক্রান্ত রেজিস্টারে পিস্তলটি জমা দেখানো হলেও পরবর্তী সময়ে সেটির কোনো হদিস পাওয়া যায়নি। অস্ত্রাগারের দায়িত্বে থাকা এসআই এমদাদুল হক জানিয়েছেন, অস্ত্র ইস্যু ও জমা নেওয়ার কাজটি মূলত কনস্টেবল আবুল কালাম করেন।
ওসি জে এম তৌফিক আজম বলেন, দায়িত্ব নেওয়ার সময় কাগজপত্রে সবকিছু বুঝে নিলেও পরে সরেজমিনে হিসাব করতে গিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করেও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। পরে জিডি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী বলেন, পিস্তল ও ম্যাগাজিন হারানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

  • শেয়ার করুন