প্রকাশিত: October 17, 2026
নোয়াখালীর চাটখিল থানায় একটি অভিযোগের সালিশে মীমাংসা করতে এসে নাসির উদ্দীন নাসু (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চাটখিল থানার গোলঘরে একটি অভিযোগের বিষয়ে সালিশ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
আটক নাসির উদ্দীন নাসু চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অভিযোগের বিষয়ে সালিশের মাধ্যমে মীমাংসা করতে শুক্রবার সন্ধ্যায় থানার গোলঘরে উভয় পক্ষের লোকজনকে ডাকা হয়। এ সময় একটি পক্ষের সঙ্গে সেখানে যান নাসির উদ্দীন নাসু। পরে তার রাজনৈতিক পরিচয় ও মামলার বিষয়ে জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নাসির উদ্দীন নাসুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের করা একটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।