প্রকাশিত: October 24, 2026
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রায় মাস খানেক আগে রংপুরের কাউনিয়া উপজেলা এলাকার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। হঠাৎ করে তার ওই বাসায় মাদকসেবীদের যাতায়াত শুরু হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে শুক্রবার রাতে এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করে। আটক তিনজনের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।