খুলনায় মুদি দোকানদারকে লক্ষ্য করে গুলি, পেটে বিদ্ধ

প্রকাশিত: October 24, 2026

  • শেয়ার করুন

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক আকাশ কুমার কুণ্ডুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত আকাশকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওসি জানান, গুলিবিদ্ধ হলেও তিনি জীবিত রয়েছেন।

ওসি মো. লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আহত আকাশ কুমার কুণ্ডু দক্ষিণ টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা। তিনি শিব পদ কুণ্ডুর ছেলে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হামলার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • শেয়ার করুন