নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকটিকি

প্রকাশিত: October 28, 2026

  • শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে ভাতের সঙ্গে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারে টিকটিকি পাওয়া যায় বলে দাবি করে আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

তিনি বলেন, ‘দুপুরের খাবার খেতে বসে প্লেটের প্রায় অর্ধেক ভাত খাওয়ার পর সিদ্ধ টিকটিকি দেখতে পাই। পরে বিষয়টি ডাইনিং পরিচালকের কাছে জানিয়ে সেখান থেকে চলে যাই।’

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের প্রশ্ন, প্রতিদিনের খাবার পরিবেশনে প্রয়োজনীয় সতর্কতা ও পরিচ্ছন্নতা কতটা বজায় রাখা হচ্ছে? শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করতে ডাইনিং ব্যবস্থাপনায় আরও নজরদারি এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক বলেন, ‘রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না বা পরিবেশনের সময় বিষয়টি কারও চোখে পড়েনি। অভিযোগ পাওয়ার পরপরই ওই পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে।’

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে নিয়েছি। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডাইনিং পরিচালক অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টাকা ফেরত দিয়েছেন এবং ওই পাতিলের সম্পূর্ণ ভাত আর পরিবেশন করেন নি বলে জানিয়েছেন।’

  • শেয়ার করুন