ঠাকুরগাঁও-১: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

প্রকাশিত: October 29, 2026

  • শেয়ার করুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

সকাল ৮টা ৪০ মিনিটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

ভোট দেওয়ার পর জয়ের আশা ব্যক্ত করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি।

মির্জা ফয়সল আমিন বলেন, ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেবো। 

এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁও-১ আসনে ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

অন্যদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। 

এ আসনে ভোটের ফলাফল নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ ও কৌতূহল রয়েছে।

শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন এবং কার পক্ষে যায় জনরায়-তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

এরপর এ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন।

  • শেয়ার করুন