প্রকাশিত: October 29, 2026
খুলনায় পৃথক তিনটি স্থানে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসব ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি। এর মধ্যে বুধবার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একই হাসপাতালে গুলিবিদ্ধ যুবদল নেতা অহিদুল ইসলাম বাদলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনিও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিবিদ্ধ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সালমান হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে খুলনার তিনটি স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের গুলি করে। এর মধ্যে জেলার বটিয়াঘাটা থানার আওতাধীন দুটি এলাকায় এবং মহানগরীর সদর থানার নিরালা আবাসিক এলাকায় অপর ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, সোহেল শেখ আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং সালমান হাওলাদার জাপান টোব্যাকো কোম্পানির কর্মী।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা থানার আওতাধীন দুটি গুলির ঘটনার পর বুধবার ওসি মারুফ হোসেনকে প্রত্যাহার করা হয়। গত ৫ জুন তিনি বটিয়াঘাটা থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন। পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানকে বটিয়াঘাটা থানার নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নতুন ওসি পদায়ন করা হয়েছে। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই ওই দুজনকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। খুব দ্রুত তারা গ্রেপ্তার হবে।’
বটিয়াঘাটা থানার নতুন ওসি এস এম মিজানুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পরই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সালমান হাওলাদারকে গুলির ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।