সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

প্রকাশিত: July 6, 2025

  • শেয়ার করুন

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি সরাসরি উপস্থিত হন। পবিত্র আশুরার আগের দিন উপলক্ষে এ আয়োজন করা হয়।—বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান সংঘাতে ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ওই সময় খামেনি জনসমক্ষে না আসায় নানা গুজব ছড়িয়ে পড়ে, তিনি হয়তো কোনো নিরাপদ বাংকারে আশ্রয় নিয়েছেন। পুরো যুদ্ধকালীন সময়ে তিনি টেলিভিশনে তিনটি রেকর্ডকৃত ভিডিওবার্তা দেন, যার মধ্যে ছিল জাতিকে উদ্দেশ করে ভাষণ ও প্রতিরোধের আহ্বান।

অবশেষে শনিবার খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি মসজিদে আগত লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং পাশে থাকা এক ধর্মীয় আলেমকে বলছেন, “গাও সেই গান, ও ইরান।” দেশপ্রেমে ভরা এই গানটি ইরান-ইরাক যুদ্ধকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

খামেনির এই জনসমক্ষে উপস্থিতি এমন সময় এলো, যখন ইরানজুড়ে মহররম উপলক্ষে শোক পালন করা হচ্ছে। শিয়া মুসলমানদের জন্য এ মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কেননা এতে কারবালার শহীদদের স্মরণ করা হয়। এ বছর আশুরা পালিত হচ্ছে ৬ জুলাই।

এদিকে, গত ২৬ জুন এক রেকর্ডকৃত বক্তব্যে খামেনি বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত চাপই দিন না কেন, ইরান কখনো ইসরায়েলের কাছে মাথা নত করবে না।”

উল্লেখ্য, ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। অভিযানে অংশ নেয় ১২৫টি মার্কিন যুদ্ধবিমান। টার্গেট করা হয় ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো। ইরানের বিচার বিভাগ জানায়, ১২ দিনব্যাপী এই সংঘর্ষে নিহত হয়েছেন ৯০০ জনেরও বেশি।

  • শেয়ার করুন