প্রকাশিত: November 2, 2026
নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনার বিএনপিতে কোনো গুপ্ত কিংবা ফ্যাসিবাদী অপশক্তির ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, যারা এসব অপশক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেবেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে তৃণমূল পর্যায়ে দলীয় প্রস্তুতি ও মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা বিএনপি নেতা মুর্শিদ কামাল।
বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল সরকারের গত আট মাসের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করে চলেছে। বিগত সরকারের শাসনামলে খুলনার শিল্প ও প্রশাসনিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার বন্ধ ও ক্ষতিগ্রস্ত মিল-কলকারখানাগুলো পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দৌলতপুর এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ঐতিহাসিক কল্পতরু মাঠ পুনর্নির্মাণ করে তরুণ ও যুবকদের জন্য মানসম্মত ক্রীড়ার পরিবেশ তৈরি করা হবে। এ ছাড়া পাবলা কবির বটতলায় প্রবীণ নাগরিকদের হাঁটা ও শারীরিক ব্যায়ামের সুবিধার্থে আধুনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
খুলনার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান হুইপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে শহরজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সিনিয়র বিএনপি নেতা শেখ ইমাম হোসেন, বেলায়েত হোসেন, মতলেবুর রহমান মিতুল, প্রকৌশলী নুর ইসলাম বাচ্চু, আরব আলী ও সৈয়দ মাইনুল ইসলাম। এ ছাড়া সংশ্লিষ্ট পাঁচটি ওয়ার্ড ও একটি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।