দিঘলিয়ায় দরজার সামনে মুড়ির প্যাকেট, ঘরে নেওয়ার পর বিস্ফোরণে আহত জামায়াত নেতা

প্রকাশিত: November 3, 2026

  • শেয়ার করুন

খুলনা :

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির দরজার সামনে একটি পলিথিনের ব্যাগে মুড়ি দেখতে পান। সেটি ঘরে নেওয়ার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায় এবং মনিরুল ইসলাম আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই সঙ্গে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে যান। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, “তদন্ত না করে এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।”

বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।

  • শেয়ার করুন