প্রকাশিত: November 6, 2026
খুলনা :
২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জসিম (৫০) খুলনার সোনাডাঙ্গা থানাধীন হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। তিনি সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।