সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা সেলিম গ্রেফতার

প্রকাশিত: November 8, 2026

  • শেয়ার করুন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত বিষের বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে মোংলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর পর রাতেই তাকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপে এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বাধাদেয় বন রক্ষীরা। এসময় বিষ প্রয়োগকারীরা  বনরক্ষীদের ওপর দা নিয়ে হামলার করে। এর পর বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকোব থানায় অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি অবগত হয়ে দ্রুত বিষ প্রয়োকারীদের আটকের নির্দেশ দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এর পর সোহেল শেখ ও লাইজু বেগম নামক দুইজনকে মোংলার জয়মনি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ বিক্রেতা সেলিম মিয়াকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।

আটক সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের সার ও কীটনাশক দোকানের মালিক।

এবিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তারা যতো ক্ষমতাসীন হোননা কেন তাদের আইনের আওতায় আনা হবে।

  • শেয়ার করুন