বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে দেড় শতাধিক দর্শক মোবাইল ফোন খুইয়েছেন। এ ঘটনায় গোলাম রতন (৪৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘিপাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিশিষ্ট উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করেন।
তবে এত কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও উপচেপড়া ভিড়ের সুযোগ নেয় একটি সংঘবদ্ধ পকেটমার ও চোর চক্র। সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে অনুষ্ঠান চলাকালীন দর্শকের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন উধাও হতে থাকে। অনুষ্ঠান শেষে ভুক্তভোগীরা বুঝতে পারেন, অন্তত দেড় শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী সরাসরি থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। চুরি যাওয়া মোবাইল ফোনের মোট সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ইমায়েদুল জাহেদী আরও বলেন, অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে গোলাম রতনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার বাসিন্দা। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।