প্রকাশিত: September 10, 2025
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।
এছাড়া, সহকারী জিএস (এজিএস) পদে ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী হলে ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।