গাজামুখী ফ্লোটিলা থেকে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ আটক

প্রকাশিত: October 2, 2025

  • শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা অভিমুখী মানবিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ খানকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তিনি পাকিস্তানের জামায়াত-ই-ইসলামীর (জেআই) সাবেক সিনেটর। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন, ‘পাক-ফিলিস্তিন ফোরাম’ নামের একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে।

বুধবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার ওপর অভিযান চালিয়ে একে একে নৌযানগুলো আটক করতে শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত বিদেশি কর্মী বহনকারী ৩৯টি নৌকা আটক করা হয়েছে। আয়োজকদের দাবি, এখনও একটি জাহাজ গাজার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। মোট ৪৫টি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলা গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করে। এতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও কর্মীরা অংশ নেন।

জাতিসংঘ এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে ফ্লোটিলাটি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

অভিযানের কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, আটক যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন এবং তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। পোস্টে বলা হয়, “হামাস-সুমুদ উস্কানি শেষ। কোনো নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে বা আইনসম্মত অবরোধ ভাঙতে সফল হয়নি।”

ঘটনার পরপরই বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স-এ দেওয়া পোস্টে ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে “কাপুরুষোচিত হামলা” আখ্যা দিয়ে বলেন, “৪০টিরও বেশি জাহাজে ৪৪টি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মী ছিলেন। আমরা আটক ব্যক্তিদের নিরাপত্তা ও অবিলম্বে মুক্তির দাবি জানাই।”

আরেক পোস্টে তিনি ফ্লোটিলায় অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধি দলের প্রশংসা করেন। বিশেষ করে সাবেক সিনেটর মুশতাক আহমদের অংশগ্রহণকে তিনি মানবতার নীতি অনুসারে মহৎ উদ্যোগ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “এটি পাকিস্তানিদের শান্তিপ্রিয় আকাঙ্ক্ষা, ন্যায়বিচারের সংগ্রাম এবং অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেতনাকে প্রতিফলিত করে।”

  • শেয়ার করুন