প্রকাশিত: October 3, 2025
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির (৪০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি নাচোলের হাটবাকইল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, খালিদ মুসাব্বির বাড়ি থেকে মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা জব্দকৃত বাসটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।