পাকিস্তানে ভয়াবহ হামলায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ ১১ সেনা নিহত

প্রকাশিত: October 8, 2025

  • শেয়ার করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ হামলায় দেশটির সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেল, এক মেজরসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় পরিচালিত এক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শেষে ফেরার পথে ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খারেজ’ ও নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হামলা চালায়। সন্ত্রাসীরা দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেনাদের বহরের একটি গাড়ি উড়িয়ে দেয়। ওই গাড়িতেই ছিলেন নিহত দুই সেনা কর্মকর্তা ও তাদের সহযোদ্ধারা।

হামলায় শহিদ হওয়া সেনা কর্মকর্তারা হলেন—৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক এবং ৩৩ বছর বয়সী মেজর তায়্যব রাহাত। এছাড়া শহিদ হয়েছেন আরও নয়জন সেনা সদস্য। তারা হলেন—নাইব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), ল্যান্স নায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন (৩২), সিপাহী তুফায়েল খান (২৮), সিপাহী আকিব আলি (২৩) এবং সিপাহী মোহাম্মদ জাহিদ (২৪)।

আইএসপিআর জানায়, এর আগে ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে ১৯ জন ভারত-সমর্থিত জঙ্গি নিহত হয়। তবে ফেরার পথে সেনারা এ হামলার শিকার হন। হামলার পর পুরো এলাকায় সন্ত্রাসবিরোধী ‘স্যানিটাইজেশন অপারেশন’ অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শহিদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনীর সাহসী সন্তানদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নেপথ্যের সব ষড়যন্ত্র আমরা চূর্ণ করে দেব।”

রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি শহিদ সেনাদের আত্মত্যাগকে জাতির ঐক্য ও দৃঢ়তার প্রতীক বলে উল্লেখ করে তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, মেজর তায়্যব রাহাত এবং তাদের সহযোদ্ধারা দেশের প্রকৃত বীর।”

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও এক বিবৃতিতে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, ভারত-সমর্থিত সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন