প্রকাশিত: October 9, 2025
ব্র্যান্ড মোজো-র অর্থায়নে কাজ করা ১০ জন স্থানীয় স্বেচ্ছাসেবী ইসরায়েলি বোমা হামলায় শহীদ হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মোজো কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় দেড় বছর ধরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে মোজো। গাজার ক্ষুধার্ত ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা খাদ্য, ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ অব্যাহত রেখেছিল। তবে সেই মানবিক উদ্যোগের মধ্যেই ঘটে এক হৃদয়বিদারক ঘটনা—ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় প্রাণ হারান মোজোর ১০ স্বেচ্ছাসেবী।
শহীদদের নাম প্রকাশ করে মোজো জানায়, তাঁরা হলেন—আলহাজ্ব জুম’আ শুররাব, মাহমুদ, উসামা, আহমাদ, আবুল ইয উক্কাদ আহমাদ, যাকারিয়া শিব্বির, আল ইযযিদ্দির, ইবরাহিম, আব্দুহ শুররাব ও মুহাম্মদ জুম’আ। সবাই ফিলিস্তিনি নাগরিক, যারা গাজার ক্ষুধার্ত শিশুদের মুখে আহার তুলে দিতে নিজের জীবনের মায়া ত্যাগ করেছিলেন।
মোজোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এই ১০ বীর শহীদের আত্মত্যাগ মানবিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। ইসরায়েলের এই নৃশংসতা আমাদের মানবিক উদ্যোগকে দুর্বল করতে পারবে না—গাজাবাসীর পাশে মোজো আরও দৃঢ়ভাবে থাকবে, ইনশাআল্লাহ।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই স্বেচ্ছাসেবীরা মানবিকতা, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছেন। তাঁদের রক্ত বৃথা যাবে না; তাঁদের আদর্শ ও ত্যাগের অনুপ্রেরণায় গাজায় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।