প্রকাশিত: October 23, 2025
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মেয়ের আকিকা অনুষ্ঠানে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুবেল পেশায় একজন মাইক্রোবাস চালক।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গুইমারা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত দিন আগে রুবেল কন্যা সন্তানের বাবা হন। নবজাতকের আকিকা উপলক্ষে ঘরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে রান্নাবান্নার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় গরম থেকে স্বস্তি দিতে পরিবারের সদস্যদের জন্য ফ্যানের সংযোগ ঠিক করতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রুবেলের মৃত্যুতে আনন্দের দিনটি মুহূর্তেই শোকে পরিণত হয়। স্ত্রীর আহাজারিতে ঘর-বাড়ি ভারী হয়ে ওঠে। খুশির দিনে এমন অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।