প্রকাশিত: November 20, 2025
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে ভাইকে তালাবদ্ধ রেখে বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে দুই শিশু। এরা আপন ভাইবোন। তারা উভয়ই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এসময় তার মা পাশের মহল্লায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন।
একা বাড়িতে পেয়ে ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন (২০) শিশুর ভাইকে একটি রুমে তালা দিয়ে আটকে রাখে।
এসময় ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই শিশুর মায়ের বাড়িতে আসে। তার আসার শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে যুবক।
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্বামী প্রবাসে থাকার কারণে ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা।
পরে রাতেই পুলিশ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।
ভিকটিমের মা বলেন, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে এখনো ভীতি ও আতঙ্ক কাজ করছে। ওই যুবক একজন বখাটে। রাজমিস্ত্রির কাজ করে। সে একজন মাদকাসক্ত। তার উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে ও ভিকটিমকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।