প্রকাশিত: November 22, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ১০ মাস বয়সী ফাতেমা নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম (৩০) ও প্রতিবেশী জেসমিন বেগম। শুক্রবার (২১ নভেম্বর) সকালে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে জানা যায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পর কুলসুম তাঁর ১০ মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে পাশের বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। তিন বছর বয়সী বড় মেয়ে নুজাইবা তখন সেখানেই ছিল। বাড়ির বাইরে বেরোতেই সড়কের পাশে একটি সীমানাপ্রাচীর ধসে তাঁদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ফাতেমা। গুরুতর আহত অবস্থায় কুলসুম ও প্রতিবেশী জেসমিনকে স্থানীয়রা উদ্ধার করেন।
শিশুটির বাবা আবদুল হক রাজধানীর শ্যামবাজারে কাঁচামালের ব্যবসা করেন। স্বজনেরা জানান, স্ত্রীর চিকিৎসার জন্য ছুটতে গিয়ে মেয়ের দাফনেও অংশ নিতে পারেননি তিনি। বিকেলে মা–বাবার অনুপস্থিতিতেই দাফন সম্পন্ন হয় ফাতেমার। গুরুতর আহত কুলসুমকে শয্যা না পেয়ে আপাতত শ্যামবাজারের ভাড়া বাসায় রাখা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, কুলসুম এখনও মেয়ের মৃত্যুর খবর জানেন না।
স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ রনি জানান, ধসের সময় ফাতেমা মায়ের কোলে ছিলেন। ইটের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন কুলসুম।
ঘटनাস্থল পরিদর্শন করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ধসে পড়া দেয়ালে কোনো পিলার বা রড ব্যবহার করা হয়নি। প্রাচীরটি অন্তত ১০ ফুট উঁচু ছিল। নিহত শিশুর দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এদিকে, কুলসুমের স্বজনদের অভিযোগ, টানা ৯ ঘণ্টা চেষ্টা করেও কোনো হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পাননি তিনি। তাঁর ভগ্নিপতি মোহাম্মদ হোসেন জানিয়েছেন, রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস—কোথাও শয্যা না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা কুলসুমকে বাসায় নিয়ে যেতে বাধ্য হন।
তিনি জানান, দিনের মধ্যে ১১ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয়েছে। কুলসুমের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তিনি ইশারায় কথা বলছেন মাত্র। টাকার ব্যবস্থা হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে।
এই বিষয়ে ইউএনও সাইফুল ইসলাম বলেন, “স্বজনেরা জানিয়েছিলেন তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শয্যা না পাওয়ার বিষয়টি জানা ছিল না। বিষয়টি দুঃখজনক। কুলসুমের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”