ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আরাফাত হোসেন ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত। রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।

সেখান থেকে বাড়িতে ফেরার পর রাত ৩টার দিকে আরাফাতের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে ঘটনাটি জানা যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ধরনের কোনো খবর থানায় এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ধরনের ঘটনায় সাধারণত অপমৃত্যু মামলা করা হয়।

কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সাপে কাটার ঘটনায় দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

  • শেয়ার করুন