৩ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক, পাস করেনি কেউ

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

জামালপুরের ইসলামপুরে কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক থাকলেও এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একইভাবে জেলার আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

শতভাগ ফেল করা তিন প্রতিষ্ঠান হলো—সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদ্রাসা।

মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১১ জন শিক্ষক রয়েছেন। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মাত্র তিনজন শিক্ষার্থী অংশ নেয়। তবে তিনজনই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির ইতিহাসে এবারই প্রথম এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে, সরিষাবাড়ীর ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়টিও এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন চারজন। এবারের এসএসসি পরীক্ষায় সেখান থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।

এ ছাড়া বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটিতে ১১ জন শিক্ষক রয়েছেন এবং এটি বিদ্যালয়টির প্রথম এসএসসি পরীক্ষা।

সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটিতে চারজন শিক্ষক রয়েছেন।

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল অত্যন্ত হতাশাজনক। কেন এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

  • শেয়ার করুন