প্রকাশিত: August 12, 2026
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। পরে গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহযোগিতা করার অভিযোগ ওঠে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে।
মামলার বিচার শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় সোহেল রানা ও স্বপ্না আক্তার—দুজনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল। রায়ের পর তাদের কনডেম সেলে পাঠানো হয়।
পরে কারাগার থেকে দুই আসামি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। এখন ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির মাধ্যমে উচ্চ আদালতে মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।