বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, 

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন
বরিশাল :

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে আদালতের প্রবেশপথের বাম পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবী আমিনুল ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রথমে অনেকে এটিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার কিংবা গাড়ির টায়ার বিস্ফোরণ বলে ধারণা করেন। পরে ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের বিষয়টি জানা গেলে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই আদালত চত্বর ঘিরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে আলামত সংগ্রহ করছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে এটি কী ধরনের বিস্ফোরণ ছিল, তা তদন্তের আগে নিশ্চিত করে বলতে রাজি হননি তিনি।

বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • শেয়ার করুন