ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গের ৪ জেলায় সতর্কতা জারি

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন

আবহাওয়া ডেস্ক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় ক্রমেই শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ভোরে উপকূলের কাছাকাছি অবস্থান করা ঘূর্ণিঝড়টি আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়া ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে উপকূলীয় এলাকায় আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • শেয়ার করুন