অবসর-কল্যাণের টাকা বিতরণ শুরু শনিবার, প্রথম ধাপে কারা কত টাকা পাবেন
প্রকাশিত: August 13, 2026
শেয়ার করুন
অবসর-কল্যাণের টাকা বিতরণ শুরু শনিবার, প্রথম ধাপে কারা কত টাকা পাবেন
প্রকাশিত:
ঢাকা: দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।
এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে আবেদনকারীর সংখ্যা বাড়ায় উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজারে উন্নীত করা হয়।
প্রথম ধাপে কত টাকা পাবেন
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অবসর সুবিধার আওতায় প্রথম ধাপে প্রত্যেক শিক্ষক-কর্মচারী প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন। অবশিষ্ট পাওনা থাকলে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
অন্যদিকে, কল্যাণ ট্রাস্টের আওতায় প্রথম ধাপে প্রত্যেকে ২ লাখ ৩৯ হাজার টাকা পাবেন। কারও আরও পাওনা থাকলে পরবর্তী সময়ে তা পরিশোধ করা হবে।
এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
যেভাবে গঠিত হয় তহবিল
জানা গেছে, শিক্ষকদের কাছ থেকে নেওয়া চাঁদা, ব্যাংকে জমা অর্থের সুদ এবং সরকারের থোক বরাদ্দ ও বন্ড সুবিধার মাধ্যমে অবসর ও কল্যাণ তহবিলের অর্থের জোগান দেওয়া হয়।
২০১৯ সাল পর্যন্ত অবসর সুবিধার জন্য শিক্ষকদের মূল বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে চাঁদা নেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির সময় বছরে একবার ১০০ টাকা করে নেওয়া হয়। এর মধ্যে ৭০ টাকা অবসর সুবিধা এবং ৩০ টাকা কল্যাণ সুবিধা তহবিলে জমা হয়।
দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ বিতরণ শুরু হওয়ায় অবসরপ্রত্যাশী ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।