হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
প্রকাশিত: August 13, 2026
শেয়ার করুন
হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
প্রকাশিত:
যশোর: যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে জুয়েল মোড়ল হত্যা মামলায় চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলায় মান্নানের ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) নুর-ই আলম পান্নু।
জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের আব্দুল মান্নান মান্নুর সঙ্গে তার ভাই হাকিম মোড়লের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও বিরোধের রেশ থেকে যায়।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সকালে পারিবারিক জমিজমা নিয়ে মান্নানের সঙ্গে তার ছোট ভাই হাকিমের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মান্নানের ছেলে আলমসহ পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে হাকিমের ছেলে ও স্বজনরাও সেখানে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মান্নু মেহগনি গাছের একটি ডাল দিয়ে তার ভাই হাকিমকে আঘাত করেন। এ সময় হাকিমের বড় ছেলে জুয়েল মারামারি থামাতে এগিয়ে এলে মান্নু ওই কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে জুয়েল মাটিতে পড়ে যান। পরে মান্নুর ছেলে আলমসহ আরও কয়েকজন তাকে মারধর করেন।
চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু
স্থানীয়রা গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহতের বাবা হাকিম মোড়ল বাদী হয়ে আব্দুল মান্নান মান্নু, তার ছেলে আলম হোসেনসহ মোট আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস ২০২২ সালের ৩১ মে আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ছয় আসামি খালাস
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং তার ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।