প্রেমের প্রস্তাব ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারি

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই শিক্ষার্থী প্রস্তাবে সাড়া না দেওয়ার পর তাকে আটকে রাখার অভিযোগ ওঠে।

বিষয়টি জানতে পেরে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানান। পরে কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থী ভিসি গেটের সামনে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে অভিযুক্ত ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ অভিযোগ করেন, তাদের বিভাগের এক জুনিয়র নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের মতো করে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। পরে তাকে আটকে রাখার অভিযোগ ওঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে ইংরেজি বিভাগের অভিযুক্ত শিক্ষার্থী মুসার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, সহকারী প্রক্টররা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দ্রুত তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার করার আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান প্রক্টর।

প্রেমের প্রস্তাব ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারি

Copied from: https://rtvonline.com/

  • শেয়ার করুন