তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সালিসি বৈঠককে কেন্দ্র করে তিন বন্ধুকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন— কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুল

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ মাইজদী বাজার এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে রাজীবের সঙ্গে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসার জন্য ওইদিন সন্ধ্যায় সালিসের আয়োজন করা হয়। পরে রাজীব তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াছিনকে নিয়ে পুরাতন নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় গেলে তাদের ওপর গুলি চালানো হয়।

গুলিতে ঘটনাস্থলেই রাজীব (২৩) নিহত হন। গুরুতর আহত ওয়াসিম (২২)ইয়াছিন (২৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান।

এ ঘটনায় রাজীবের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী উপস্থাপন করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। সাজাপ্রাপ্ত ছয় আসামির মধ্যে শুধু ফিরোজ মাহমুদ বাপ্পি আটক, বাকি পাঁচজন পলাতক রয়েছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত রাজীবের মা কামরুন্নাহার বেগম বলেন, “আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।”

  • শেয়ার করুন