কুমিল্লায় ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় এসে প্রধান ফটকের সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে শহিদুল ইসলাম শরীফের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ জানাতে থানায় এসেছিলেন আবু তাহের। থানার পাশের একটি দোকান থেকে লিখিত অভিযোগ তৈরি করিয়ে সেটি হাতে নিয়েই থানায় প্রবেশের সময় গেটের সামনে হঠাৎ পড়ে যান তিনি।

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তাহেরের সঙ্গে শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত একটি ইনহেলারও ছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, আবু তাহেরের ছেলে শরীফ মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শনিবার সকালে আবু তাহেরকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশায়ই তিনি থানায় এসেছিলেন বলে জানান স্থানীয়রা।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসাইন বলেন, থানায় অভিযোগ দিতে এসে গেটের সামনে পড়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ

  • শেয়ার করুন