প্রকাশিত: August 16, 2026
দিনাজপুর :
দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও হাবিপ্রবি শাখার সাবেক আহ্বায়কসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে বোচাগঞ্জ থানায় মামলাটি করেন দিনাজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার সাবেক মুখপাত্র ও হাবিপ্রবি শাখার সাবেক আহ্বায়ক ফয়সাল মোস্তাক, বোচাগঞ্জ উপজেলা মুখপাত্র এম এ তাফসির হাসান, রাফিয়া ইসলামসহ আরও কয়েকজন।
এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৭ আগস্ট রাফিয়া ইসলাম নামে এক নারী তার বাসায় গিয়ে উচ্চস্বরে কথা বলা ও হৈচৈ করেন। পরে অন্য আসামিরা সেখানে উপস্থিত হন।
এ সময় বাদীর বিরুদ্ধে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে বিষয়টি ‘সমাধানের’ জন্য ৭ লাখ টাকা দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওই পরিমাণ টাকা দিতে না পারলে অন্তত ৫ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
বাদীর স্বামী টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার পর অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী ইসমাঈল হোসেন জানিয়েছেন, এজাহারে উল্লেখ করা বিষয়গুলোই তার বক্তব্য।
তবে মামলার অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির বোচাগঞ্জ উপজেলা মুখপাত্র এম এ তাফসীর হাসান। তার দাবি, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
অন্যদিকে মামলার আসামি ফয়সাল মোস্তাকও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা করা হয়েছে।
ফয়সাল মোস্তাক আরও বলেন, টাকা দাবির অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করা উচিত। একই সঙ্গে নিজের সম্মানহানির অভিযোগে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে ফয়সাল মোস্তাকের বিরুদ্ধে করা মামলাকে ‘হয়রানিমূলক ও মিথ্যা’ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাবিপ্রবি শাখা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সামাজিক কর্মী বা ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হলে এতে ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বাদীর এজাহারের ভিত্তিতে ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।