প্রকাশিত: August 17, 2026
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৪২) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে, মামলার খবর পেয়ে ওই ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে অপহরণ করেছেন। অভিযুক্ত ব্যবসায়ী শাহ আলম উপজেলার সাতবেকী গ্রামের শাহাদত প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী গত ৪ আগস্ট দুপুরে প্রতিবেশী অভিযুক্ত ব্যবসায়ীর ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত ধুনট থানাকে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ ও আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। আদালতের আদেশ অনুযায়ী ১৫ আগস্ট রাতে মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান চলছে।