ভাঙ্গায় মহাসড়কে পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে যুবকের গুলি

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক যুবক সবার সামনে এলোপাতাড়ি গুলি ছুড়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হাসান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে থামিয়ে এক তরুণ ও তরুণী চা পান করতে নামেন।

গাড়িটি সড়কের ওপর রাখা দেখে স্থানীয়রা চালককে কিছুটা সাইড করে পার্ক করার অনুরোধ জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবক গাড়ি থেকে পিস্তল বের করে জনসমক্ষে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
আকস্মিক বিকট শব্দে পথচারী ও স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • শেয়ার করুন