ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পাটধারী বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে না আসায় অভিযোগ তুলে মহাসড়কে মরদেহ রেখে অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নিহত নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী।

গুরুতর আহত হন পিকআপ চালক। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও, সময়মতো পুলিশ ঘটনাস্থলে না এসে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তারা।তাদের অভিযোগ, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দাম হোসেনকে উদ্ধার করলে হয়তো বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করেন স্থানীয়রা।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন।

তিনি বলেন, ‘জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল জানান, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বিষয়টি বুঝিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করেছেন তারা।

  • শেয়ার করুন