চট্টগ্রামে কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশিত: August 19, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরহাবা ও সলিম দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। তাঁরা দোহাজারীর উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন।
সম্প্রতি সলিম নিয়মিত কাজ না করায় স্বামীর সঙ্গে নুরহাবার কথা কাটাকাটি চলছিল। বুধবার সকালে বিষয়টি নিয়ে আবারও তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে নুরহাবা সলিমকে ‘কেন ফিরে এসেছ বলে প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ট্রীকে আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরহাবাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সলিমকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘দোহাজারীতে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • শেয়ার করুন