প্রকাশিত: August 20, 2026
বগুড়ার শাজাহানপুরে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর পর নিখোঁজ থাকা যুবকের অর্ধ গলিত লাশ একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মানুষ গিয়ে কাঁচা মেঝেতে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মনির হোসেন এলাকার আব্দুল জলিলের ছেলে।
মাদক সেবন ও বিক্রির অভিযোগে গত ১৭ আগস্ট রাতে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি থেকে পালিয়ে ছিলেন মনির। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
বাড়ির মালিক আছিয়া বেগম বলেন, ‘আমার স্বামী এবং বড় সন্তান দীর্ঘ বছর প্রবাসে রয়েছেন। আমি নিজেও কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ছাগলের ঘর পরিষ্কার করতে গিয়ে পাশের পরিত্যক্ত ঘরে তীব্র উৎকট গন্ধ পাই। এ সময় ঘরে গিয়ে মাটিতে লাশ পড়ে থাকতে দেখি।
মনিরের মা মনোয়ারা বেগম ও বাবা আব্দুল জলিল বলেন, ১৭ আগস্ট রাতে মনির সেবনের জন্য একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছিল। রাত সোয়া ২টার দিকে পুলিশ আসে। এ সময় মনির অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ইয়াবা ট্যাবলেট পেয়ে তা নিয়ে যায়। এরপর থেকে মনির নিখোঁজ ছিলে। কোন থানার পুলিশ এসেছিল তা বলতে পারছি না।
মনির দীর্ঘ দিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার পরিবার।
স্থানীয় আইয়ুব আলী নামের একজন বলেন, মনির বাজারে সবজি বিক্রি করতেন। পাশাপাশি ইয়াবা ট্যাবলেট বিক্রি এবং সেবন করতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, ‘তীব্র উৎকট গন্ধের কারণে লাশের কাছে যাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আপাতত লাশটি মনিরের বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’