প্রকাশিত: August 20, 2026
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিপক্ষের হামলায় আহত মোহাম্মদপুরের শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দিক রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
পুলিশের ধারণা, হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাসেলের ওপর হামলার ঘটনা ঘটে। গত ১৩ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলার শিকার হন তিনি। এরপর তাকে নিটোরে ভর্তি করা হয়।
নিহতের স্ত্রী শিরিন আক্তার বলেন, তার স্বামী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি পদে প্রার্থী হতে রাসেল মনোনয়ন জমা দেন। তবে যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল তাকে প্রার্থী হতে নিষেধ করেন। রাসেল তা না মানায় জাহিদ মোড়লের নির্দেশে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন শিরিন।
এ ঘটনায় হামলার দুই দিন পর শিরিন আক্তার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় জাহিদ হোসেন মোড়ল, পিচ্চি রাকিব, জহিরুল ইসলাম বিপ্লবসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সমকালকে বলেন, রাসেলের ওপর হামলার ঘটনায় গত শনিবার রাতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। মামলার কয়েকজন আসামি এরই মধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। অন্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।