নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: August 20, 2026

  • শেয়ার করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুপুর থেকে নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হলেও চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।নিহতরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।

উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চারজনকেই মৃত ঘোষণা করেন।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, চার শিশুকেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
  • শেয়ার করুন