মিরপুরে মব করে প্রধান শিক্ষকের উপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশিত: August 22, 2026

  • শেয়ার করুন

মিরপুরের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে মারধর, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর ও জোরপূর্বক সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তকে পুনর্বহালের অভিযোগের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তসহ মব হামলায় জড়িতদের শোকজ করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ আগস্ট কিরণময় দত্তসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও শিক্ষক-কর্মচারীদের মারধর করেন। ১৭ আগস্টও বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে মারধর করা হয়। এতে তার কানে সাময়িক ক্ষতি হয় এবং পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নেন। তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

নথি অনুযায়ী, এর আগে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ২ জুলাইয়ের প্রতিবেদনে ১৪ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্ত শিক্ষার্থীদের মৌখিক ও লিখিত নির্দেশনা দিয়ে আন্দোলনে যুক্ত করেছিলেন। তাদের নগদ অর্থ, ব্যানার ও ফেস্টুন সরবরাহ এবং বিভিন্ন স্থানে সভা করার অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।

মামলার নথিতে আরও বলা হয়েছে, কিরণময় দত্তের বিরুদ্ধে একাধিক শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি ৫ জুলাই পদত্যাগপত্র দেন এবং ৩১ জুলাই স্কুল ম্যানেজিং কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করে।

তবে পদত্যাগের পরও বিদ্যালয়ে বিশৃঙ্খলা ও তার পুনর্বহালের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। ১৬ আগস্ট হামলার সময় জোর করে একটি লিখিত কাগজে স্বাক্ষর নেওয়া হয়, যেখানে কিরণময় দত্তকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ের অফিসকক্ষে বসিয়ে দেওয়ার কথা উল্লেখ ছিল।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের কাছে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। নথিতে বিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির কথাও উল্লেখ রয়েছে।

  • শেয়ার করুন