যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: August 22, 2026

  • শেয়ার করুন

জয়পুরহাটের কালাইয়ে যৌতুকের দাবিতে স্বামীর মারধরে গুরুতর আহত মাসুদা বেগম (৩৬) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মেহেদী হাসান শাপলাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদা বেগম কালাই উপজেলার হারুঞ্জা শাহপাড়া গ্রামের মো. মেহেদী হাসান শাপলার স্ত্রী।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে গৃহবধূ মাসুদা বেগমকে লোহার রড ও প্লাস দিয়ে মারধর করেন তার স্বামী মেহেদী হাসান শাপলা। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।​ পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

কালাই থানা-পুলিশ জানায়, ঘটনার পর মামলার আসামি মেহেদী হাসান শাপলাকে স্থানীয় গ্রামবাসী আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, মাসুদা বেগমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় স্বামী মেহেদী হাসান শাপলাকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন