রাজবাড়ীর গোয়ালন্দের পর এবার নরসিংদীর মনোহরদীতে বাড়িতে প্রবেশ করে আকাশ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (২২আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকাশ দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আকাশ নিজ বাড়িতে গোয়াল ঘরে থাকতেন। সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে উঠিয়ে ঘাস কাটার জন্য জমিতে চলে যায়। এসময় মা জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যায়। পরে বাবা আফতাব উদ্দিন বাড়িতে এসে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে প্রতিবেশীদের সহযোগিতায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।