প্রকাশিত: August 24, 2026
চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ঘর্ষণে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। এতে টেম্পোটির কিছু অংশও ভেঙে গেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে এবং কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণের ফলে বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
তিনি বলেন, দুর্ঘটনায় দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া ট্রেনের দরজা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইন ঘেঁষে গাড়ি পার্কিং করে রাখার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। টেম্পোটির সাথে লেগে ট্রেনের বেশকয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। বোয়ালখালীতে খুলে পড়া দরজা উদ্ধার করে স্টেশনে রাখা হয়েছে।