প্রকাশিত: August 25, 2026
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাসপাতালের ভেতরে গাছের ডাল ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। শহরের সরকারি এসএসকেএম হাসপাতালে ঘটা এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত নারীর নাম রহিদা বিবি। তিনি বীরভূমের নলহাটি থেকে হাসপাতালে ভর্তি এক স্বজনের দেখাশোনা করতে এসেছিলেন। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাসের মধ্যে হাসপাতালের ইউরোলজি বিভাগের বাইরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিল্লুর রহমান (৬৮) ও শিশ মোহাম্মদ শেখ (৭৬) নামে আরও দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, কিডনির সমস্যার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন শিশ মোহাম্মদ শেখ। অস্ত্রোপচারের তারিখ পাওয়ার জন্য তিনি রাত ৩টা থেকে সেখানে অপেক্ষা করছিলেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘তিনি কংক্রিটের বেঞ্চে শুয়ে ছিলেন। এ সময় গাছের ডাল তার পায়ের ওপর পড়ে। এতে তার পা ভেঙে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।’
কলকাতা পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে পৃথক আরেক ঘটনায় এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কাছে আরেকটি গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মকর্তা।