প্রকাশিত: August 26, 2026
বরিশাল বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। ২৪ ঘণ্টায় (মঙ্গলবার থেকে আজ বুধবার) হামে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশুর মধ্যে একজন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয় মাস বয়সী শিশু তূর্জ বল্লভ এবং অপরজন বরগুনার বেতাগী উপজেলার চার মাস বয়সী শিশু হুমায়েরা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম রোগের চিকিৎসা নিয়েছে প্রায় ১৫ হাজার ৮১৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১৪ হাজার ৯৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে চলতি বছরে বিভাগের ছয় জেলায় বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে, যার মধ্যে হাম আক্রান্ত হয়ে সরাসরি ১৯ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বস্তরে উদ্বেগ বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনয়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। হাম মোকাবিলায় বর্তমানে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করা হচ্ছে।